আজ ২৭ নভেম্বর। ১৯৯০ সালের এই দিনে বাংলাদেশে এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে চূড়ান্ত ফয়সালার সেই ছিল শুরুয়াত। সেদিন থেকেই বিদ্রোহী জনতাকে দাবানোর জন্য দমন-পীড়নের সূচনা হয়েছিল। ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময়টা ছিল অগ্নিগর্ভ। সেই দিনগুলোর কথা এখন আমরা ভুলেই যেতে বসেছি। বাংলাদেশের প্রথম সুসংগঠিত সেই গণঅভ্যুত্থানের পর্বকে আমরা কেবল দায়সারা স্মরণে সেরে নিচ্ছি। আগের যুগে ‘ভাণ্ডানুসারী স্নেহবৎ’ বলে একটি কথা প্রচলিত ছিল। অর্থাৎ তেলের পাত্র থেকে তেল বের করে নিলে তার ভেতরে যেমন সামান্য তেল লেগে থাকে, তেমনি কোনো ঐতিহাসিক ঘটনার স্মৃতি আমাদের মস্তিষ্কে সেভাবেই জড়িয়ে থাকে।
বাংলাদেশ তো বহু আন্দোলন-সংগ্রামের ভূখণ্ড। কোনো এক বিশেষ গণজাগরণের দিনগুলো নতুন নতুন আন্দোলনের হিল্লোলে ফিকে হয়ে আসে। বরং কোন আন্দোলনের তুলনা কোন সংগ্রামের চেয়ে গুরুত্বপূর্ণ, তা নিয়ে আমরা তর্কে মাতি। আমরা তো সেই কৃষকদের সন্তান, যারা একসময় বুক ফুলিয়ে বলত, ‘মাটির জনম না ছিল যখন, তখনো করেছি চাষ, দিনের হিসাব না ছিল যখন, তখনো গুনেছি মাস।’
ভারতের গবেষক ও অধ্যাপক সুনন্দন রায় চৌধুরী ২০১৩ সালে এক প্রবন্ধে বলেছিলেন, “এক গভীর অসুখে ছেয়ে আছে আমাদের পৃথিবী। একদিকে স্বাস্থ্য বিপণনের হাজারো ব্যবস্থা, অন্যদিকে সংগঠিত রূপে দরিদ্রদের জন্য দানের আয়োজন। কিন্তু ব্যক্তিমানুষ কাছের মানুষ—ব্যক্তিমানুষ থেকে কয়েক হাজার মাইল দূরে। হৃদয়ের স্বভাবসিদ্ধ মানবিক হাতছানিকে আমরা তালাবদ্ধ করেছি।” যখন হয়তো সমাজে এই ব্যাধি বহুলাংশে কম ছিল, এমনি সময়ে জীবনানন্দ দাশ মাত্র ছয় লাইনে এক ‘কমলালেবু’র কথা বলেছিলেন, “একবার যখন দেহ থেকে বার হয়ে যাব/ আবার ফিরে আসব না আমি পৃথিবীতে?/ আবার যেন ফিরে আসি/ কোনো এক শীতের রাতে/ একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে/ কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।”

