ইয়েমেনে সংঘাত: প্রাণহানি ২ হাজার ৩৬১, বাস্তুচ্যুত ৩ লাখ ৬৪ হাজার

ইয়েমেনে গত আগস্ট মাসে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৩৬১ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সংঘাতের ঘটনায় আহত হয়েছেন আরও ১০ হাজার ৯৮২ জন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ১৭ নভেম্বর থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহে ১০১ জন নিহত এবং ৪৬৩ জন আহত হয়েছেন। হতাহতদের বড় একটি অংশ দেশটির মধ্যাঞ্চলীয় শহর মারিবের বাসিন্দা।

ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্রের তথ্যমতে, চলমান সংঘাতের কারণে দেশটির ৩৯টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ডব্লিউএইচওর আগের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ২৮টি। এছাড়া সংঘাতের কবলে পড়ে আটটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সংঘাতের কারণে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে লাহিজ প্রদেশে লড়াইয়ের তীব্রতায় বহু মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এ পর্যন্ত ইয়েমেনে ৩ লাখ ৬৪ হাজার ২৬৪ জন বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত হয়েছেন ১৫ হাজার ৭৩২ জন। বাস্তুচ্যুতদের প্রায় দুই-তৃতীয়াংশই লাহিজ প্রদেশের বাসিন্দা।