খাগড়াছড়িতে ১০ বছরের শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাক এলাকার ১০ বছর বয়সী শিশু ইউসুফ রানা হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডসহ দণ্ডিত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি মো. রমজান আলীকে খালাস দিয়েছেন বিচারক।

বুধবার দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালে খেলাধুলার সময় অপর এক শিশুর ডান হাতে ব্যথা পাওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরে আসামিরা ইউসুফ রানাকে তাড়া করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরিচয় ও আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হয়।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশু ইউসুফের বাবা সাজদার রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলা পরিচালনাকালে বাদীসহ সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।