মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (২৯ জুলাই) দেশটির চেন্নাহ এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের সঙ্গে মালয়েশিয়ার শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবেই এই অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে মিয়ানমার রাজি হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। এ ধরনের বিষয় সতর্ক কূটনীতির মাধ্যমে সমাধান করতে হয়।'
এ সময় আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে জনশৃঙ্খলা বিঘ্ন হওয়া মালয়েশিয়া কোনোভাবেই মেনে নেবে না। জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগে অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি তুলেছিলেন, তবে মিয়ানমার রাজি না থাকায় তা বাস্তবায়ন করা কঠিন ছিল। মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গাদের দেশটির আইন মেনে চলা এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি রোহিঙ্গাদের বলেছি, মালয়েশিয়ানদের ব্যবসায় বাধা দেবে না। যান চলাচল বা মানুষের বসবাসের এলাকায় বিঘ্ন ঘটাবে না। তা না হলে মানুষ ক্ষুব্ধ হবে। মালয়েশিয়া আমাদের দেশ। অন্য কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। সে কারণেই আমাদের কঠোর হতে হবে।'

