নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর প্রভাবে নেপালের পাশাপাশি বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে।
ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এই ভূকম্পনটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ভূমিকম্পটি সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে যে, ভারতের মাঙ্গান শহর থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
নেপালে এই ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, বিহারের বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হলেও কোন কোন এলাকায় এর প্রভাব বেশি ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এছাড়া পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অনেক বাসিন্দা এই কম্পন অনুভব করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

