দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে দ্বিতীয় দিনের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকার কথা রয়েছে।
প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন জানিয়েছেন, এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে। শুরুতে প্রথম ইউনিটটি ৩ শতাংশ সক্ষমতায় চালানো হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রতিদিন প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। পূর্ণ সক্ষমতায় প্রথম ইউনিটটি চালু হলে জাতীয় গ্রিডে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় পরীক্ষার অংশ হিসেবেই এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বাণিজ্যিকভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আগে টারবাইন, জেনারেটর এবং গ্রিডের স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে স্থায়ীভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এছাড়া দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে এবং আগামী বছর সেখানে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যার মধ্যে কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। প্রতিটি ধাপের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। প্রথম ইউনিটের এই পরীক্ষামূলক গ্রিড সংযোগ দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

