নতুন শিক্ষাবর্ষে সন্তানকে স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকরা। এই প্রেক্ষাপটে ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নিয়ম ও সময়সূচি জানিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ১৯ নভেম্বর এই সংক্রান্ত নির্দেশনাটি প্রকাশ করা হয়।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি পদ্ধতি অনুসরণ করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে।
ঢাকা মহানগরীসহ সারাদেশের সব বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইনে আবেদনের সময়সীমা, আবেদন ফি, বিদ্যালয় পছন্দের সুযোগ, কোটা এবং ক্যাচমেন্ট এলাকার বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। সন্তানের ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা এড়াতে অভিভাবকদের এই নিয়মগুলো সম্পর্কে আগে থেকে অবগত থাকা জরুরি।

