ঝিনাইগাতীতে শেষ হলো গারো সম্প্রদায়ের তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব

নতুন ফসল ঘরে তোলার আনন্দ, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে শেষ হয়েছে গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা। গত শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া এই উৎসব আজ রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন.ডি, ক্রুশ, ওএমআই।

মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। মরিয়মনগর মিশনের পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহা ধর্মপ্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন.ডি, ক্রুশ, ওএমআই, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ এবং সদস্যসচিব মো. লুৎফর রহমান।

উৎসবের মূল আকর্ষণ হিসেবে ছিল গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান। এর মধ্যে মান্দি ভাষায় বাণী পাঠ, খামালকে খুখুব ও থক্কা প্রদান, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা এবং নকগাথা অনুষ্ঠান উল্লেখযোগ্য। উৎসবের শেষ দিনে গারো সম্প্রদায়ের সনাতনী সাংসারিক ধর্মবিশ্বাস অনুযায়ী ফসল কর্তনের প্রার্থনা বা থক্কা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশু-কিশোরদের জন্য গারো ভাষায় ছড়া আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিস ওয়ানগালা প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং গারো শিল্পীদের ব্যান্ড সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।

উৎসবকে ঘিরে বিদ্যালয় মাঠে বসেছিল অস্থায়ী মেলা, যেখানে ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও শিশুদের খেলনাসহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়েছিলেন দোকানিরা। মেলায় স্থানীয় গারো সম্প্রদায়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীরা ভিড় করেন। গারোদের কাছে ওয়ানগালা কেবল একটি উৎসব নয়, বরং এটি তাদের জাতিগত পরিচয়, বিশ্বাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ‘ওয়ানা’ অর্থ দেবদেবীর দান এবং ‘গালা’ অর্থ উৎসর্গ করা। শস্যদেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ভালো ফলন হয় বলে গারোরা বিশ্বাস করেন। ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে এই উৎসব পালিত হয়ে আসছে, যার মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে নিজেদের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।