মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মৎস্যসম্পদের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদনের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি এই খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
রোববার দুপুরে মৎস্য ভবনে 'ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসের এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি বাড়ানোর ক্ষেত্রেও যথেষ্ট সুযোগ রয়েছে। একসময় তৈরি পোশাক খাতের পরেই মৎস্য খাতের রপ্তানি আয়ের অবস্থান ছিল, তাই বিদ্যমান সম্ভাবনা কাজে লাগাতে কেন প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, তা পর্যালোচনা করা জরুরি।
মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী ও খালের নাব্যতা হ্রাস, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মেশার ফলে মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা এবং নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে পানিপ্রবাহ ও জলজ পরিবেশের উন্নতি হবে। বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত নদী-মোহনার নাব্যতা ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার অভিজ্ঞতাও কাজে লাগানোর পরামর্শ দেন।
মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মৎস্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

