নওগাঁর মান্দা উপজেলায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পলাতক থাকা মো. সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাইফ উদ্দিন ওই গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইফ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলায় মোট আটটি সিআর সাজা পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মান্দা থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মো. মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় ধরে পলাতক থাকা এই আসামির বিরুদ্ধে আটটি সাজা পরোয়ানা ছিল। তিনি আরও বলেন, আদালতের পরোয়ানা কার্যকর করা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

