১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র দুটি ১ ডিসেম্বর থেকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৩০ নভেম্বরের পর এই কেন্দ্রগুলোতে আর কোনো ভিসার আবেদন জমা নেওয়া হবে না। ফলে আগামী ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটি থেকে ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

জানা গেছে, বাংলাদেশ সরকার এবং ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মধ্যকার ভিসা আউটসোর্সিং পরিষেবা সংক্রান্ত চুক্তিটি ৩০ নভেম্বর শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার এই চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের প্রেক্ষাপটে ১৭ নভেম্বর বাংলাদেশ ডেপুটি হাই কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা ও শিলিগুড়িতে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয়।

১ ডিসেম্বর থেকে বর্তমান কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে আবেদনকারীদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে উপ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে ভিসা প্রদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ বা স্থগিতের বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। নতুন ভিসা আবেদন গ্রহণ কেন্দ্রের ঠিকানা এবং পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের নাম খুব শীঘ্রই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে ভারতসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের সাময়িক সমস্যার সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে।