নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী রোববার ভারত সফরে যাচ্ছেন। চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে এটিই হবে তার প্রথম সফর। শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অমৃত বাহাদুর রাই জানিয়েছেন, দুই দেশের নেতাদের এই বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর নেপালের সঙ্গে সম্পর্ককে ভারত কতটা গুরুত্ব দেয়, তারই প্রতিফলন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে, যার আর্থিক মূল্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। অন্যদিকে চীন থেকে নেপালের আমদানির পরিমাণ ১৩ শতাংশ, যার মূল্য ১ দশমিক ৮ বিলিয়ন ডলার।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বালেন্দ্র শাহ তার পূর্বসূরিদের মতো দ্রুত বিদেশ সফরে যাননি। তিনি গত সেপ্টেম্বরে প্রথম বিদেশ সফর হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এবারের ভারত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ও সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কাঠমান্ডুভিত্তিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর সম্পাদক ও সাংবাদিক গুনা রাজ লুইটেল বলেন, নতুন সরকার গঠিত হওয়ার পর এই সফর খুবই তাৎপর্যপূর্ণ এবং এখন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
৩০ মিলিয়ন বা ৩ কোটি মানুষের দেশ নেপাল হিমালয় অঞ্চলের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই শক্তিশালী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে দেশটিকে।
বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান খুবই সামান্য। দেশটির সরকার ধারণা করছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ব্যয় হবে।

