চট্টগ্রাম থেকে রামগড় পর্যন্ত রেললাইন স্থাপনের উদ্যোগ

চট্টগ্রাম ও খাগড়াছড়ির মধ্যে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি ডিও লেটার পাঠিয়েছেন। গত ১৬ নভেম্বর পাঠানো এই চিঠিতে তিনি চট্টগ্রাম-নাজিরহাট রেলপথটি ফটিকছড়ি হয়ে খাগড়াছড়ির রামগড় পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব করেছেন।

প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় হাটহাজারী উপজেলার বর্তমান নাজিরহাট রেললাইন থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, লক্ষ্মীছড়ি, মহালছড়ি হয়ে রামগড় পর্যন্ত রেলপথ নির্মাণের কথা বলা হয়েছে। সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া উল্লেখ করেন, এই রেলপথ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য ও স্থানীয় উৎপাদিত পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে। এছাড়া রামগড় স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি রেল সংযোগ, পর্যটনশিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সমীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি চিঠিতে প্রস্তাব করেছেন যে, সমীক্ষায় বিকল্প রুট, দূরত্ব, পাহাড়ি ভূপ্রকৃতি, পরিবেশগত প্রভাব, ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ ব্যয় এবং যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন মূল্যায়ন করা হয়। সমীক্ষার ফলাফল ইতিবাচক হলে পরবর্তীতে বিস্তারিত প্রকল্প প্রস্তাব বা ডিপিপি প্রণয়ন ও প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

এদিকে, এই প্রস্তাবিত রেলপথ নিয়ে খাগড়াছড়ি ও ফটিকছড়ির স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া গেছে। স্থানীয়দের প্রত্যাশা, রেলপথটি চালু হলে সড়কপথের ওপর চাপ কমবে এবং যাতায়াত ব্যয় হ্রাস পাবে। বিশেষ করে রামগড় স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার সঙ্গে বাণিজ্য আরও গতিশীল হবে এবং পর্যটকদের জন্য খাগড়াছড়ি, সাজেক, আলুটিলা ও রিছাং ঝরনাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াত সহজতর হবে। এলাকাবাসী সরকার দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা শুরুর মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন।