যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে কার্স্টেন ডেভিস

যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস পদত্যাগ করেছেন। মার্কিন আকাশপথ, ব্যাংকিং খাত এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় চলমান ব্যাপক বিভ্রাটের মধ্যেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। অনলাইন অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিসকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

শন কেয়ার্নক্রস মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাইবার নিরাপত্তা নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। অ্যাক্সিওসের তথ্যমতে, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেয়ার আগেই হোয়াইট হাউস যাতে নতুন উত্তরসূরি চূড়ান্ত করার পর্যাপ্ত সময় পায়, সেই উদ্দেশ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত এক সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের সময় কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি সিস্টেম টানা তৃতীয় দিনের মতো অচল রয়েছে। তবে মার্কিন শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, এসব বিভ্রাট একে অপরের সঙ্গে সম্পর্কিত—এমন কোনো প্রমাণ এখনো মেলেনি। এছাড়া এটি কোনো সাইবার হামলা বা বিদেশি কোনো শত্রুভাবাপন্ন শক্তির কাজ, এমন তথ্যও পাওয়া যায়নি।

নতুন দায়িত্ব পাওয়া কার্স্টেন ডেভিস সাইবার অঙ্গনে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সাইবার ক্ষেত্রে নিজেদের অবস্থান ধরে রাখার সুযোগ যুক্তরাষ্ট্রের আছে, তবে এর জন্য দেশের মূল অবকাঠামোকে আধুনিকায়ন ও আরও টেকসই করে তোলা জরুরি। এদিকে হোয়াইট হাউসের নতুন এই দায়িত্ব পাওয়ায় ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।