দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার উপকূল জুড়ে বুধবার রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৃষ্টির তীব্রতা বেড়ে প্রবল বেগে বর্ষণ শুরু হয়।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পুরো উপকূলীয় এলাকা জুড়ে শীত অনুভূত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কাজের সন্ধানে ঘর থেকে বের হতে না পারায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিপাত হলেও আবহাওয়া দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে যাত্রীবাহী লঞ্চ মনপুরায় পৌঁছেছে এবং হাজিরহাট সিট্রাক ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারগুলো তজুমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঘাটের দায়িত্বরত সুপারভাইজারদের তথ্যমতে, মনপুরা থেকে সকল নৌরুটে যাত্রী ও মালবাহী লঞ্চ, সিট্রাক ও ট্রলারসহ মালবাহী নৌযান চলাচল যথা নিয়মেই অব্যাহত রয়েছে।

