নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরাসরি রাজপথে নামার সাহস না পেয়ে অর্থের বিনিময়ে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আর রাজপথে দেখা যায় না, তাদের খুঁজতে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাতের অন্ধকারে টোকাইদের ব্যবহার করে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপসহ বিভিন্ন অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তারা, যা জনগণ প্রতিহত করবে।
১৯ নভেম্বর, বৃহস্পতিবার সকালে নগরের কাজীর দেউড়ি মোড়ে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ৭টার আগেই নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে সমবেত হয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগান দেন। এরপর গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে ডা. শাহাদাতের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আসকারদিঘির পাড়, জামালখান মোড় ও প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। তিনি অভিযোগ করেন, দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশ থেকে অগ্নিসন্ত্রাস পরিচালনা করছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে দলের নেতাকর্মীরা যেভাবে রাজপথে সক্রিয় ছিলেন, এখনো একইভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন। বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা এবং যানবাহনে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও তারা রাজপথ ছাড়েননি। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডা. শাহাদাত। নগরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শান্তির পক্ষে এই মিছিল নগরের প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।
কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন ও নূর হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

