মধ্যপ্রাচ্য থেকে সরে গেল মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন তিন মাস দায়িত্ব পালনের পর মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করেছে। বুধবার মার্কিন নৌবাহিনীর গবেষণা প্রতিষ্ঠান ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও বিষয়টি প্রকাশ করেছে।

মার্কিন প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র জানিয়েছেন, জাপানভিত্তিক এই রণতরীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অভিযান এলাকায় রয়েছে। তবে রণতরীটির সঙ্গে বর্তমানে কোন কোন সহযোগী নিরাপত্তা জাহাজ রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে গত ১৯ আগস্ট ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হিসেবে জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অভিযান এলাকায় পৌঁছায়। গত মে মাসের শেষ দিকে জাপানের ইয়োকোসুকা থেকে রণতরীটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছিল। এটি আবার নিজ ঘাঁটিতে ফিরবে কি না বা ফেরার পথে কোনো বন্দরে থামবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ছাড়ার আগেই গত রোববার সেখানে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পৌঁছেছে। ফলে বর্তমানে ওই অঞ্চলে দুটি মার্কিন রণতরীভিত্তিক স্ট্রাইক গ্রুপ মোতায়েন রয়েছে, যার মধ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এপ্রিল মাস থেকে আরব সাগরে অবস্থান করছে। জর্জ ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যে গিয়েছিল, তখন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী ছিল না।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রণতরীটি সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হলো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। যদিও জুন মাসে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতপার্থক্য থাকায় এর বাস্তবায়ন এখনো থমকে আছে। জ্বালানি ও পণ্য সরবরাহের এই গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে দুই দেশের বিরোধ এখনো অব্যাহত রয়েছে।

তেল আবিব ও ওয়াশিংটনের অভিযোগ, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।