ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) এই বড় প্রকল্পে প্রতিদিন এক লাখের বেশি গাড়ি চলাচল করলেও নথিপত্রে তা ৮০ হাজারের কম দেখানো হচ্ছে। এছাড়া অনুমোদন ছাড়া তৃতীয় পক্ষের মাধ্যমে টোল আদায় এবং দেশি কর্মকর্তা-কর্মচারীদের পদাবনতি ও চাকরিচ্যুতির অভিযোগও উঠেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
চুক্তি অনুয়াযী, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার অতিক্রম করলে অতিরিক্ত গাড়ির টোল থেকে পাওয়া রাজস্বের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। আবার যানবাহন চলাচল দিনে সাড়ে ১৩ হাজারের নিচে নামলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ভর্তুকি দিতে হবে। এসবি তাদের গোপন অনুসন্ধানের ভিত্তিতে জানিয়েছে, বাস্তবে প্রতিদিন প্রায় ১ লাখ গাড়ি চললেও এই সংখ্যা ৮০ হাজারের নিচে রাখতে অনেক যানবাহনের টোল কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেমে না তুলে ম্যানুয়ালি নেওয়া হচ্ছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদের বদলে কাগজ দিয়ে টোল আদায় করা এবং একই রসিদ একাধিক গাড়িতে ব্যবহারের তথ্যও পেয়েছে তারা। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দাবি, বর্তমানে দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করছে।
সরেজমিনে দেখা যায়, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসব টিকিট নেওয়া গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে প্রদর্শিত হয় না। এক্সপ্রেসওয়েটি পরিচালনার দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)। শুরুতে থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান থাই ডেভেলপমেন্টের অর্ধেকের বেশি শেয়ার ছিল, যা অংশীদারদের আইনি বিরোধের পর কমে ১ শতাংশে নেমেছে। বর্তমানে চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের ৮০ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশনের ১৯ শতাংশ শেয়ার রয়েছে। চুক্তি অনুযায়ী, ২৫ বছর টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ তুলে নেওয়ার পর উড়ালসড়কটি সরকারের কাছে হস্তান্তর করা হবে।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে, তবে তা টানা ছিল না। টানা ১৫ দিন এ সংখ্যা অতিক্রম করলেই কেবল সরকার রাজস্ব পাবে। ম্যানুয়ালি টোল নেওয়া গাড়িরও হিসাব রাখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসবির প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। আগামী বছরের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ শেষ হলে যানবাহন ও সরকারের রাজস্ব বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলতে গিয়ে এফডিইইর প্রশাসন ব্যবস্থাপক সিয়াং শোয়াইনান জানান, প্রকল্প কর্তৃপক্ষ যেহেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ), তাই যেকোনো বিষয়ে জানতে তাদের মাধ্যমেই কথা বলতে হবে।
এসবির প্রতিবেদনে বলা হয়, এক্সপ্রেসওয়েতে ছিনতাই ও লাশ ফেলার মতো ঘটনা ঘটলেও নিরাপত্তা ও নজরদারি সমস্যার সমাধান না করেই গত বছর টোল আদায়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামের আরেকটি চীনা প্রতিষ্ঠানকে দেয় এফডিইই। তবে এ বিষয়ে বিবিএর কোনো পূর্বানুমোদন নেওয়া হয়নি। ১৩ সেপ্টেম্বর বিবিএ থেকে শ্যানডং হাইস্পিডের আইনি ভিত্তি জানতে চাওয়া হলে ২৮ সেপ্টেম্বর এফডিইই জানায়, শ্যানডং হাইস্পিড আলাদা নিবন্ধিত হলেও আনুষ্ঠানিক দায়িত্ব পায়নি, এফডিইই একা কাজ করছে। অথচ গত বছরের ২৯ অক্টোবরের চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেদের চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে দাবি করে।
এছাড়া বিনিয়োগকারী ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, বিডাকে (বর্তমানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ) দেওয়া ভুয়া ঠিকানা ব্যবহার, ট্রেড লাইসেন্স নবায়ন না করা এবং ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগও রয়েছে। গত এক বছরে এফডিইইর একাধিক উচ্চপদ থেকে বাংলাদেশি কর্মকর্তাদের সরিয়ে চীনা নাগরিকদের বসানো হয়েছে। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত লেন সহকারী সজীব রহমান (৩০) জানান, ঈদের আগের দিন এক চালক ৮০ টাকার টোলের বিপরীতে ১০০ টাকা দিয়ে বাকি ২০ টাকা না নিয়ে চলে যান। তিনি সেই টাকা ডাস্টবিনে ফেলে দিলেও 'টাকা রাখার' মিথ্যা অভিযোগে তাঁকেসহ মোট ৯ জন লেনের সহকারীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। কর্মীদের দাবি, কখন তাঁদের নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হলো, সে তথ্যও তাঁদের জানানো হয়নি।
২০০৯ সালে গৃহীত ১৯ দশমিক ৭৩ কিলোমিটারের এই বড় প্রকল্পটির কাজ বাস্তবে শুরু হয় ২০২০ সালে। বিমানবন্দরে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত প্রায় ৯ হাজার কোটি টাকার এই এক্সপ্রেসওয়ের ৭৩ শতাংশ ব্যয় মেটাচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং ২৭ শতাংশ দিচ্ছে সরকার। কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে, যদিও ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ চালু করা হয়।
প্রকল্পটি ঘিরে বিভিন্ন অনিয়মের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের নগর ও অঞ্চল-পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, কত গাড়ি চলাচল করছে এবং কীভাবে টোল আদায় হচ্ছে, সে বিষয়ে সরকারের কার্যকর নজরদারি অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, মূল চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি; বিনিয়োগকারীদের টাকার হিসাব রাখা হলেও সরকারের জমি ও পুনর্বাসন খরচের অর্থমূল্য বিবেচনায় নেওয়া হয়নি। এসবির প্রতিবেদন আমলে নিয়ে অনিয়মে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে পিপিপি প্রকল্পে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

