টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়িসহ ১৫ বাড়ি ভস্মীভূত, থানা অকার্যকর

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ার বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনদের আরও ১৪টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, মঙ্গলবার রাতে এসব বাড়িতে হামলা ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়িগুলো থেকে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করার দাবিও করা হয়েছে।

সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী জানান, ঘটনার সময় বাড়িতে থাকা তাঁর তিন বোন ও তাঁদের সন্তানরা প্রাণ বাঁচাতে পালিয়ে যান। সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির জানান, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন এবং ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। বুধবার দুপুরেও সংসদ সদস্যের আড়াইতলা পাকা বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এছাড়া তাঁর পৈতৃক টিনের ঘর এবং চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ মোট ১৫টি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকান্দার শেখ জানান, বিক্ষোভকারীদের বাধার কারণে তাঁরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। রাত ৯টা ৫৫ মিনিটে পৌঁছানোর পর দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁর তথ্যমতে, এই ঘটনায় আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে থানার কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। থানায় আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার সময় এই হামলা চালানো হয়। হামলাকারীরা থানায় আগুন দিলে দুই তলা ভবনের সব কক্ষ ও মালামাল পুড়ে যায়। পুলিশের দাবি, থানা থেকে সরকারি অস্ত্র ও কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে থানায় কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি। অফিসার্স মেস থেকে সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ভ্যানে করে মালামাল নিয়ে চলে যেতে দেখা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁরা নিরাপদ স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন একাধিক পুলিশ সদস্য। গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।