বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চলমান অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য তুলে ধরেন।

পরিসংখ্যানের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব অনুযায়ী আগে এই পরিমাণ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তবে চলতি ২০২৬ সালের ১৯ অক্টোবরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রেমিট্যান্সকে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা চালু করেছিলেন এবং এই খাতের উদ্যোগ গ্রহণ করেছিলেন।

বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন ব্যয় কমানো এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন নীতিগত সংস্কার করেছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, দেশের তফসিলি ব্যাংক, বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ এবং মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর নেটওয়ার্ক যুক্ত করা সহজ হয়েছে এবং প্রতিযোগিতা বাড়ায় প্রবাসীদের অর্থ পাঠানোর খরচ কমেছে।

এছাড়া সরকার প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান করছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নতুন সার্কুলার জারির মাধ্যমে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সৃষ্টি করেছে এবং এই খাতে নতুন প্রযুক্তি ও মাধ্যম ব্যবহারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে।