বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় সাম্প্রতিক হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে যে, এ ধরনের সব ধরনের সহিংসতার ঘটনার বিষয়ে জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন।
সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ সংক্রান্ত মন্তব্য করেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য উঠে এসেছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনেরও বেশি শাখায় হামলা চালিয়েছেন।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যিনি ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, অধ্যাপক ইউনূসের প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
উক্ত সাংবাদিক জাতিসংঘের কাছে জানতে চান, ঘটনাটিকে বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে কি না বা এ নিয়ে কোনো মন্তব্য আছে কি না। জবাবে ফারহান হক বলেন, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, তবে প্রতিবাদের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

