মানুষের সুস্থতা কেবল শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে না, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে মানসিক স্বাস্থ্য। অথচ দ্রুত পরিবর্তনশীল জীবনব্যবস্থা, অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা, পারিবারিক টানাপড়েন ও সামাজিক অস্থিরতার চাপে মানুষের মানসিক প্রশান্তি ক্রমেই হারিয়ে যাচ্ছে। সামান্য ঘটনায় উত্তেজিত হয়ে পড়া, অসহিষ্ণুতা, উদ্বেগ, বিষণ্ণতা ও আচরণগত পরিবর্তন এখন সমাজের পরিচিত চিত্র।
ব্যক্তির এই সংকট ধীরে ধীরে সামাজিক সংকটেও রূপ নিচ্ছে। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের তথ্যমতে, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষের প্রায় ৯১ শতাংশ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত। দেশে প্রতি পাঁচ লাখ মানুষের বিপরীতে রয়েছেন মাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞ। এই পরিসংখ্যান চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং গ্রাম ও প্রান্তিক অঞ্চলে সুযোগের অভাবকে সামনে নিয়ে আসে। সামাজিক কুসংস্কার ও সংকোচের কারণেও অনেকেই অসুস্থতা চিহ্নিত করতে পারেন না বা চিকিৎসা নিতে আগ্রহী হন না।
মানসিক চাপের উৎসও বহুমাত্রিক। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে অর্থনৈতিক নিরাপত্তা নড়বড়ে হয়ে পড়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, চাকরি হারানোর ভয়, লক্ষ্যমাত্রা পূরণের প্রতিযোগিতা এবং বিশ্রামের অভাব মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত করছে। এর প্রভাব পড়ছে ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বন্ধনে, যা ছোটখাটো বিরোধ থেকে সংঘাত বা সহিংসতার জন্ম দিচ্ছে।
শিশুরাও এই সংকট থেকে রেহাই পাচ্ছে না। লেখাপড়ার অতিরিক্ত চাপ, খেলাধুলার মাঠের অভাব, একাকিত্ব, পারিবারিক প্রত্যাশা ও মুঠোফোনের প্রতি অতিরিক্ত নির্ভরতা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। শৈশবের মানসিক সংকট যথাসময়ে চিহ্নিত না করলে তা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
তবে সব চাপই অসুস্থতা নয়। স্বল্পমেয়াদী চাপ মানুষকে দায়িত্ব পালনে প্রস্তুত করে, কিন্তু দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীর ও মনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। তাই এই চাপকে অবহেলা না করে কারণ চিহ্নিত করা জরুরি।
এ পরিস্থিতি মোকাবিলায় মানসিক স্বাস্থ্যসেবাকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মনোরোগ বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কাউন্সেলর এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, গবেষণা এবং বাজেট বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং ব্যবস্থা চালু করা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানসিক অসুস্থতাকে সামাজিক লজ্জা হিসেবে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাষ্ট্র—সব পর্যায়ে সহমর্মিতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। একটি সমাজের প্রকৃত অগ্রগতি শুধু অর্থনৈতিক সমৃদ্ধিতে নয়, মানুষের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনের নিশ্চয়তার মধ্যেও নিহিত। তাই বিপন্ন মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, অন্যথায় এই নীরব সংকট সমাজের স্থিতিশীলতাকেই বিপন্ন করে তুলবে।

