স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ও রাজনৈতিক প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে ডিসেম্বরজুড়ে ধারাবাহিক কর্মসূচি সাজিয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে সরকারের ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং নির্বাচন কমিশনের ওপর একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির চাপ সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হবে।
সূত্রমতে, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিল জামায়াত। যদিও সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরপরই তারা স্থানীয় সরকারের ভোটের জন্য কার্যকর প্রস্তুতি শুরু করে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তাদের এই প্রস্তুতি ততই জোরদার হচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব স্তরে প্রার্থী প্রায় চূড়ান্ত করা হয়েছে। দলের প্রবীণ নেতাদের পাশাপাশি তরুণদেরও প্রার্থী হিসেবে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া মহিলা নেতাকর্মী ও দলের যুব ও ক্রীড়া বিভাগও এ নির্বাচনে বিশেষ ভূমিকা রাখছে।
নির্বাচনী ব্যয় মেটাতে দলীয় নিয়মিত ইয়ানতের বাইরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিশেষ তহবিল সংগ্রহ করছে জামায়াত। একই সঙ্গে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণকে এখন থেকেই সংগঠিত করার আহ্বান জানিয়েছেন। গত শনিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি স্পষ্ট বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় আর কোনো ভোটচোর, ডাকাত বা সুযোগসন্ধানীদের ছাড় দেওয়া হবে না।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে জামায়াত এতে অংশ নেবে। ডিসেম্বরের কর্মসূচিতে জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, ভোট কারচুপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং গণসংযোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, সরকারের ব্যর্থতা ও জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারগুলো প্রচারণায় তুলে ধরা হবে। তিনি আরও জানান, কেন্দ্রভিত্তিক কমিটিগুলো মজবুত করতে স্থানীয় প্রভাবশালীদের যুক্ত করা হচ্ছে।
জামায়াতের নেতারা অভিযোগ করেছেন, বিএনপি প্রার্থীরা সরকারি ফ্যামিলি কার্ড ও অন্যান্য ভাতার প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। জামায়াত এই সরকারি সুবিধা যাতে ভোটের প্রলোভন হিসেবে ব্যবহৃত না হয়, সেজন্য জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছে। দলটির যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের জানান, তরুণদের দেশের রাজনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে জামায়াত কাজ করছে। ইউনিয়ন, উপজেলা ও সিটি নির্বাচনে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দিয়ে তারুণ্যের হাতে জনপ্রতিনিধিত্ব তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি।

