নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের দেখলেই থানায় দেওয়ার নির্দেশ ইশরাকের

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের এলাকায় কোনো ধরনের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের ধরে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নির্দেশনা জারি করেন।

ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেণ্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেন। তিনি জানান, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দলের পক্ষ থেকে রাত-দিন পালাক্রমে এলাকা পাহারা দেওয়ার এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের তথ্য পাওয়া গেলে তাদের অবিলম্বে থানায় নিয়ে যেতে হবে বলেও তিনি নির্দেশনা দিয়েছেন।