পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাই মাসে শহীদদের স্মরণে একটি দোয়া মাহফিলের আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইনকিলাব মঞ্চের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলে বুধবার (২৯ জুলাই) ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংগঠনটির ভাষ্যমতে, শুরুতে আব্দুল্লাহ আল জাবের ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সময় ও স্থান চূড়ান্ত করে লিখিত অনুমতি নিতে গেলে প্রশাসন তা আর দেয়নি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি ভিন্ন। পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান জানান, তারা জুলাই মাসে আহত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচি পালনে কোনো নিষেধাজ্ঞা দেননি। প্রশাসনের আপত্তি মূলত বাইরের অতিথিকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে, যার জন্য নিয়ম অনুযায়ী কোনো অনুমতি নেওয়া হয়নি।
প্রশাসনের এমন অবস্থানের প্রতিক্রিয়ায় ইনকিলাব মঞ্চের নেতারা দাবি করেন, তারা লিখিত আবেদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেছিলেন। অনুমতি না পাওয়ার প্রতিবাদে তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় নেতাকর্মীদের ‘প্রোগ্রাম হবেই’ ও ‘জান দেবো, জুলাই দেবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এক পর্যায়ে প্রশাসনিক বাধার অভিযোগ উপেক্ষা করেই ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আয়োজকদের মতে, শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে বাধা দেওয়া মানে কেবল একটি অনুষ্ঠানের বিরোধিতা নয়, বরং এটি শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান প্রদর্শন। তাদের দাবি, প্রশাসনিক নিষেধাজ্ঞার মাধ্যমে জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়। বর্তমানে প্রশাসন ও আয়োজক সংগঠনের পরস্পরবিরোধী অবস্থানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

