ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির দাবি সরকারি বাহিনীর

ইয়েমেনজুড়ে ইরান সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে অগ্রগতির দাবি করেছে পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকার। সোমবার দেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও স্থানীয় যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ এবং বিমান হামলার ঘটনা ঘটেছে।

সরকারি বাহিনীর দাবি অনুযায়ী, তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তাইজ প্রদেশের আল-আকুরুদ ও আল-মাকাতিরাহ জেলায় হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া সাবর আল-মাওয়াদিম এলাকায় সরকারি বাহিনী ও স্থানীয় যোদ্ধারা হুথিদের একটি অবস্থান দখল করে নিয়েছেন। এই অভিযানে হুথি যোদ্ধাদের হতাহতের ঘটনা ঘটেছে বলে সরকারি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মারিব প্রদেশের হালহালান ফ্রন্টে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনী জানিয়েছে, এতে কয়েকজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। এছাড়া সেখানে হুথি অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে।

অন্যদিকে আল-জাওফ প্রদেশের আল-আলম এলাকা এবং আঞ্চলিক রাজধানী আল-হাজমের দক্ষিণ-পূর্বাঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে এসব হামলা ও সংঘর্ষে হতাহতের বিষয়ে হুথিদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।