সুজানগরে ভুয়া চক্ষু ক্যাম্প: ডাক্তার সেজে প্রতারণায় দুইজনের কারাদণ্ড

পাবনার সুজানগর উপজেলায় বিনামূল্যে চক্ষু সেবার আড়ালে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অপর দুজনকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে আকবর আলী এবং ‘বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম বেড়া উপজেলার সাতবা গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের মোক্তার শেখের বাড়িতে একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। বিনামূল্যে চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে এলাকায় মাইকিংও করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা এই ক্যাম্পে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা প্রদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের সুনির্দিষ্ট তথ্য পায়।

এই তথ্যের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আকবর আলী ও রাকিবুল ইসলামসহ চারজনকে আটক করা হয়। অভিযানের সময় আকবর আলী চিকিৎসক হিসেবে কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও হাসপাতালের কোনো বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন।

রবিবার রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই ক্যাম্পে প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১৫ নভেম্বর) উপজেলার দুলাই এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।