জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে অবরুদ্ধ উপাচার্য

গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এক বিক্ষোভে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার কার্যালয়ে অবরুদ্ধ হয়েছেন। উচ্চ আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা ফিরিয়ে দেওয়া, পদোন্নতি প্রদান এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এই কর্মসূচি পালন করছেন। সোমবার রাত ৮টা পর্যন্ত উপাচার্য তার দপ্তরে অবরুদ্ধ ছিলেন।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত অপর একটি পক্ষ পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন এবং আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, যারা আন্দোলন করছেন, তাদের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, এখানে আমার কী করার আছে? তারা অন্যায়ভাবে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।

এদিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন খাতে অপ্রয়োজনীয়ভাবে কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। এছাড়া বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসন কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলে তারা অভিযোগ করেন।