‘আজকের কাব, আগামী দিনের নেতৃত্ব’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সপ্তম জেলা কাব ক্যাম্পুরী-২০২৬। ক্ষুদে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পুরী মোট পাঁচ দিনব্যাপী চলবে। গত ১৫ নভেম্বর শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ১৯ নভেম্বর।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর লেডিস ক্লাব প্রাঙ্গণে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর। উদ্বোধনী বক্তব্যে তিনি স্কাউটিংকে একটি আন্দোলন হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে দেশের যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে তারা মানুষের সেবা এবং নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সহসভাপতি আসাদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ক্যাম্পুরীর সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম এবং আঞ্চলিক স্কাউট কমিশনার মো. নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, শিক্ষা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে স্কাউটদের আগামী দিনের রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এই ক্যাম্পুরীতে তাদের ১০টি চ্যালেঞ্জ মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, স্কাউট শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নজর রয়েছে এবং সম্প্রতি দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমেও স্কাউটদের সম্পৃক্ত করা হয়েছে।
ক্যাম্পুরীতে জেলার ১৪টি উপজেলার ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের টিম লিডারসহ মোট ৫৯৫ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যাম্পুরীতে টানা পাঁচ দিন-রাত ৭০টি তাঁবুতে অবস্থান করবে।

