গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য বা বাস্তব অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, আগুন-সন্ত্রাস ও ধ্বংসাত্মক নানা কর্মকাণ্ডই হলো আওয়ামী লীগের রাজনীতির মূলধারা। এটি নতুন কোনো বিষয় নয়, বরং তাদের রাজনৈতিক সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে গোপালগঞ্জকে কেন্দ্র করে তারা যে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে এসেছে, তারই ধারাবাহিকতায় দেশজুড়ে পালিয়ে থাকা আসামি ও সন্ত্রাসীদের সেখানে জড়ো করে একটি শোডাউন বা মহড়া প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে কিংবা অস্বীকার করার মানসিকতা নিয়ে নতুন করে রাজনীতি করা অথবা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগের সামনে নেই। দলটি ইতোমধ্যে তাদের সব ধরনের রাজনৈতিক কার্ড ও সর্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও তাদের আর কোনো দৃশ্যমান কার্যক্রম বা ভিত্তি অবশিষ্ট নেই।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকার পরিচালনা নিয়ে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন ও সংকটময় সময়ে দলের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। বিগত সরকারের দীর্ঘ ১৭ বছরের রেখে যাওয়া গভীর অর্থনৈতিক সংকট ও নানামুখী প্রতিকূলতা জয় করে বর্তমান সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও বিভ্রান্তিকর মিথ্যা তথ্য ছড়ানোর অপপ্রবণতা রুখতে সরকারের পাশাপাশি সর্বস্তরের অংশীজনদের সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর নিজস্ব অর্থনৈতিক স্বার্থ ও অ্যালগরিদমের জটিলতার কারণে প্রতিটি অ্যাকাউন্ট বা পেজ সার্বক্ষণিক নজরদারিতে রাখা বাস্তবসম্মত নয়। তবে মানহানিকর ও বিকৃত তথ্য রোধে এবং সামাজিক মাধ্যমে গালিগালাজ ও অপসংস্কৃতি বন্ধে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করছে।
উক্ত মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল এবং জাগো নিউজের সম্পাদক জিয়াউল হকসহ গণমাধ্যম ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

