মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি এবং জাহাজ চলাচলে হামলার ঘটনা অব্যাহত থাকা সত্ত্বেও জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা অনেকটা স্বাভাবিক হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি কার্যক্রম বর্তমানে প্রায় যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে এসেছে। এই পরিস্থিতির ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়বে বলে প্রত্যাশা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের মূল্যের ওপর।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৭ মিনিটে (জিএমটি ০৪:২৭) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে।

তেলের দাম হ্রাসের পেছনে চীনের চাহিদার বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির বিভিন্ন পরিশোধনাগারে গত অক্টোবর মাসে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের পরিমাণ হ্রাস পেয়েছে, যা চীনে তেলের চাহিদা কমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকতে পারে। সংস্থাটির মতে, এর ফলে বৈশ্বিক তেলবাজারে উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।