দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে 'ভোলা নর্থ-৩' নামের একটি নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানিয়েছে, এই কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হতে পারে। রোববার সকাল থেকে কূপটিতে আনুষ্ঠানিকভাবে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে, যার মাধ্যমে গ্যাসের প্রবাহ ও চাপ পরীক্ষা করা হচ্ছে।
বাপেক্স সূত্র জানায়, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপেক-এর মাধ্যমে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় কূপটির খননকাজ পরিচালনা করা হয়। গত ৯ সেপ্টেম্বর খনন শুরু করার পর নির্ধারিত গভীরতায় তিনটি সম্ভাবনাময় স্তরে গ্যাসের উপস্থিতির প্রমাণ মেলে। পরবর্তীতে ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন সফলভাবে সম্পন্ন করা হয়। চূড়ান্ত পরীক্ষার আগেই টেস্ট স্ট্রিং এবং সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষায় সন্তোষজনক ফলাফল পাওয়া যায়।
কূপটির প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা নির্ধারণের বিষয়ে বাপেক্সের মহাব্যবস্থাপক এবং উৎপাদন বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, নতুন কূপটির তিনটি সম্ভাবনাময় স্তরেই পর্যায়ক্রমে পরীক্ষা সম্পন্ন করা হবে। এসব পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্লেষণ শেষেই ভোলা নর্থ-৩ কূপের আসল উৎপাদন ক্ষমতা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া সম্ভব হবে।
ভোলা জেলায় গ্যাস অনুসন্ধানের সূচনা হয় ১৯৯৫ সালে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে। এর পর থেকে বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলায় একে একে তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় এবং একের পর এক কূপ খনন করা হয়। নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ কূপটি যুক্ত হওয়ায় জেলায় মোট গ্যাসকূপের সংখ্যা ১০টিতে উন্নীত হলো।
তথ্যমতে, ভোলার আগের ৯টি কূপে বর্তমানে অবশিষ্ট গ্যাসের মোট মজুত প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট। এসব কূপের বর্তমান সার্বিক উৎপাদন সক্ষমতা প্রতিদিন ১৮২ মিলিয়ন ঘনফুট, যার মধ্যে বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক গড়ে ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
বর্তমানে ভোলায় চলমান রয়েছে আরও ৫টি কূপ খনন প্রকল্প, যার মাধ্যমে সম্ভাবনাময় স্থানগুলোতে অনুসন্ধান চালানো হচ্ছে। বাপেক্সের আশা, এসব কূপে আশানুরূপ গ্যাস পাওয়া গেলে জেলায় দৈনিক উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত বৃদ্ধি পাবে। এতে করে পুরো ভোলার বর্তমান উৎপাদন সক্ষমতা ১৮২ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে একলাফে ২৮২ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গিয়ে পৌঁছাবে।
এদিকে নতুন কূপে গ্যাসের উপস্থিতি সুনিশ্চিত হওয়ায় স্থানীয় দ্বীপবাসীর মনে নতুন সম্ভাবনার সঞ্চার হয়েছে। ভোলার বিপুল প্রাকৃতিক গ্যাস সম্পদ কাজে লাগিয়ে স্থানীয়ভাবে গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার দাবি তাদের। স্থানীয়দের মতে, শিল্পায়ন সম্ভব হলে সেখানে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা ভোলার সামগ্রিক অর্থনীতি ও জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে।

