ফ্যাসিজম, ভয় ও গণমাধ্যম: ক্ষমতাকেন্দ্রের জন্য সতর্কবার্তা

ফ্যাসিজমের অন্যতম প্রধান কাজ হলো ভয় প্রতিষ্ঠা করা। বিগত দেড় দশকের শাসনামলে এই ভয়কে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এই ভয়ের কারণেই গত দেড় দশকে কোনো আন্দোলন সফল হতে পারেনি। এই ভয়ের পেছনে ছিল ভারতীয়দের নমস্য গুরু ধূর্ত ও বদমাশ চাণক্যের নীতি। ‘সাম, দাম, ভেদ, দণ্ড’—এই চার নীতি ছিল ওই চাণক্যের। ফ্যাসিজম প্রথমে ‘দাম’ বা অর্থ দিয়ে কিনে নেওয়ার কৌশল প্রয়োগ করে, এতে অনেক বিরোধী নেতা বিক্রি হয়ে যান। এরপর শুরু হয় ‘ভেদ’ বা অনৈক্য সৃষ্টির প্রক্রিয়া। যারা এরপরেও ফ্যাসিজমের বিরোধিতায় অটল ছিলেন, তাদের ওপর নেমে আসে ‘দণ্ড’ বা জেল-জুলুমের শাস্তি। সবশেষে ফ্যাসিজম বেছে নিয়েছিল দণ্ডের চূড়ান্ত পর্যায় ‘বধ’ প্রক্রিয়া। ক্রসফায়ার, গুম ও খুনের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এভাবেই দেড় দশক ধরে মানুষের মনে ভয়ের এক ভয়ংকর রাজত্ব কায়েম ছিল।

এই ভয়ের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশের গণমাধ্যম বড় ধরনের সাহায্য করেছিল। তারা বিরোধীদের প্রতিবাদের খবর প্রচার না করে বরং উল্টো চিত্র তুলে ধরত। তখনকার গণমাধ্যমগুলোতে বিরোধীদের অবরোধের খবরগুলো খুঁজে দেখলে বর্তমানের সাথে পরিবেশনার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। মঙ্গলবারের তথাকথিত ধর্মঘটে সারা দেশে তেমন কোনো ঘটনাই ঘটেনি, অথচ গণমাধ্যমে এমনভাবে পরিবেশন করা হয়েছে যেন সারা দেশ অশান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মঘটের পক্ষের বয়ান আর গণমাধ্যমের খবর পরিবেশনার সুর যেন একই। অথচ ফ্যাসিস্ট আমলে বিরোধীদের ধর্মঘটে সারা দেশ অচল হয়ে পড়ত। নাটোরে অবরুদ্ধ র‌্যাব সদস্যদের হেলিকপ্টারে উদ্ধার করার মতো ঘটনাও ঘটেছে, কিন্তু গণমাধ্যম সেসব খবরকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে গেছে। বর্তমানের এই ধর্মঘটে ঢাকার রাস্তা ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক থাকলেও গণমাধ্যম বিচ্ছিন্ন ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে একটি প্রচণ্ড ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা চালিয়েছে, যেন সারা দেশে ম্যাসাকার হচ্ছে।

সরকারের তথ্য মন্ত্রণালয় কী কাজ করে তা বোধগম্য নয়। খবরের ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে একটি সাধারণ খবরকে বিধ্বংসী করে তোলা যায়, সে সম্পর্কে দায়িত্বপ্রাপ্তদের কোনো জ্ঞান আছে কি না তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। শুধু ফাঁপরবাজি দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, বরং যোগ্যদের খুঁজে বের করা জরুরি। তা না হলে বিগত দেড় দশকের বিরোধী আন্দোলনকে যেভাবে মিডিয়া আন্ডারমাইন করেছিল, বর্তমানের বিচ্ছিন্ন আন্দোলনকেও মিডিয়া সেভাবে প্রচণ্ড করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই।

চাণক্য তার রাজাকে শত্রু রাজ্যের রাজার সঙ্গে বন্ধুত্ব করার পরামর্শ দিয়েছিল। এরপর ভোজসভার খাবারের মাঝে বিষ মিশিয়ে দেওয়ার বুদ্ধি দিয়ে বিনাযুদ্ধেই শত্রু রাজ্য জয় করা সম্ভব হয়েছিল। চাণক্যের অনুসারীরা আমাদের ক্ষমতাকেন্দ্রের মাঝেই রয়েছে, যারা শত্রুবেশে বন্ধু সেজে মিশে আছে। আশঙ্কা করছি, তারা চাণক্যের নীতিতে খাবারে বিষ মেশানোর মতো নোংরা চক্রান্তে মেতে থাকতে পারে। তারা বিনাযুদ্ধেই জিতে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে এবং সঙ্গে চলমান থাকবে ছায়াযুদ্ধ ও সক্রিয় নাশকতা। ক্ষমতাকেন্দ্রের লোকজনকে চাণক্যের ভাষাতেই সাবধান করছি, চাণক্য বলত, ‘যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত।’ মানুষ যেন চাণক্যের এই ভাষাতেই কথা বলতে না শুরু করে। সুতরাং ক্ষমতাকেন্দ্রকে অবশ্যই শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা রাখতে হবে এবং শত্রু ও মিত্র চিনতে হবে। শত্রুকে মিত্র মনে করা এবং মিত্রকে শত্রু জ্ঞান করা হবে সবচেয়ে বড় ভুল, যার পরিণতি হবে ধারণাতীত রাজনৈতিক ডিজাস্টার। এর মাশুল শুধু ক্ষমতাসীনদেরই নয়, আম-জনতাকেও দিতে হবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও হুমকির মুখে পড়বে।