পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাদের প্রভাব গভীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ, নারী ও শিশু নির্যাতন দূর করতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমদের এগিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর। তিনি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন, যা জাতীয় গৌরবের বিষয়। তিনি দীর্ঘ সময় ধরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতচর্চার প্রসারে কাজ করে যাওয়া আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের প্রশংসা করেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। তিনি বলেন, সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।
তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে। অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ, সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ থেকে শিক্ষা এ ব্যাপারে আমাদের পাথেয়।
এ দেশে ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পবিত্র ইসলাম, ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় আকিদার প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কাজ করছে। সব ধর্মের সহাবস্থান, স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এছাড়া পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং আন্তর্জাতিক কিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সভাপতি আল্লামা কারি আবু রায়হান, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। সবশেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত কারি ও অতিথিদের শুভকামনা জানিয়ে রাষ্ট্রপতি আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

