তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে জলবায়ু সংকটের মুখোমুখি থাকা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে আন্তর্জাতিক প্রতিশ্রুতির সুফল পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সম্মেলনে শুধু সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এসব সিদ্ধান্ত ঝুঁকিতে থাকা মানুষের জীবনে কতটা বাস্তব পরিবর্তন আনছে, তাকেই সাফল্যের আসল মাপকাঠি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া জলবায়ু অর্থায়ন বাড়ানো, দ্রুত অভিযোজন বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্তদের কার্যকর সহায়তা নিশ্চিত করার দাবি তুলেছে প্রতিনিধিদল।
গত শুক্রবার স্থানীয় সময় বিকালে আনতালিয়ার কপ৩১ মিডিয়া সেন্টার-১-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ সময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী জোর দিয়ে বলেন, জলবায়ু অর্থায়ন যেন কেবল বড় প্রকল্প কিংবা কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ না থাকে, তা সরাসরি স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। পাশাপাশি অভিযোজনের অগ্রগতি পরিমাপের ক্ষেত্রে মানুষের সহনশীলতার বাস্তব উন্নতিকে বিবেচনায় নেয়া এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) দ্রুত বাস্তবায়নের ওপর তিনি তাগিদ দেন।
বাংলাদেশ প্রতিনিধিদল জানায়, সম্মেলনের চার দিনের আনুষ্ঠানিক আলোচনা শেষে জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও প্রশমনসহ মূল বিষয়গুলোতে এখনো সমঝোতা তৈরি হয়নি। চলতি সপ্তাহের আলোচনার মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত ও ঝুঁকিতে থাকা মানুষের জন্য বাস্তব সহায়তা নিশ্চিত করতে স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ ও চীনসহ অন্যান্য অংশীদার দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ। এলডিসি গ্রুপের দাবি অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন বছরে প্রায় ১৪ লাখ ৯৬ হাজার ৭০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। এর জন্য উন্নত বিশ্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সহজ শর্তে অনুদানভিত্তিক সহায়তা প্রয়োজন।
উপকূলীয় প্রতিরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বাংলাদেশের জন্য নতুন অর্থায়নের সুযোগও তৈরি হয়েছে। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘এআরআইএসই’ কর্মসূচির প্রথম পর্যায়ে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার অনুদান সহায়তা পেতে পারে। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এক বার্তায় জানান, কর্মসূচির সুবিধা পেতে যাওয়া প্রথম পাঁচটি দেশের অন্যতম বাংলাদেশ। এ অর্থ ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, উপকূলীয় অবকাঠামো জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে ব্যয় করা হবে। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহের কারণে দেশে জীবন-জীবিকা ও উন্নয়ন ঝুঁকিতে পড়ায় বাংলাদেশ অবিলম্বে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির তহবিল বৃদ্ধি এবং জরুরি সহায়তার ব্যবস্থা শক্তিশালী করার তাগিদ দিয়েছে।
অন্যদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমিয়ে সহজ শর্তে অর্থায়নের দাবি তুলেছেন। তিনি বলেন, জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একদিকে রাজস্ব আয় কমছে, অন্যদিকে পুনর্বাসন ব্যয় ও ঋণের চাপ বাড়ছে। ফলে সহনশীলতা তৈরিতে প্রয়োজনীয় বিনিয়োগ করার সক্ষমতা হারিয়ে ফেলছে দেশগুলো। এ জন্য জলবায়ু অর্থায়নকে বিচ্ছিন্ন প্রকল্পে না রেখে সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবে দেখা এবং স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য অনুদান বাড়ানোর পাশাপাশি অর্থ পাওয়ার জটিল প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৬ সালের তথ্য তুলে ধরে জানানো হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প সময়ের চেয়ে ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম। এনডিসি ৩.০ পরিকল্পনায় বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে নিজস্ব অর্থায়নে স্বাভাবিকের চেয়ে ৬.৩৯ শতাংশ নির্গমন কমানোর লক্ষ্য নিয়েছে এবং আন্তর্জাতিক সহায়তা পেলে তা আরো ১৩.৯২ শতাংশ কমানোর রূপরেখা তৈরি করেছে। ইতোমধ্যে ছাদে সৌরবিদ্যুৎ, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পরিচ্ছন্ন কর্মসংস্থান সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর কাজ চলছে।
সম্মেলনে জলবায়ু সংক্রান্ত বাণিজ্যিক পদক্ষেপ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। তারা উল্লেখ করে, এ ধরনের পদক্ষেপ উন্নয়নশীল দেশের বাণিজ্য, শ্রমিক ও রপ্তানি খাতের ওপর অসম ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জলবায়ু নীতিকে অবশ্যই ন্যায্য হতে হবে এবং প্যারিস চুক্তির নীতি অনুসরণ করে সব আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

