রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে যারা সন্ত্রাস, দখলদারত্ব কিংবা সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করে বলেছেন, এসব অপরাধের ক্ষেত্রে কোনোভাবেই আপস করা যাবে না। শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় সরকারি কৌঁসুলি (পিপি) ও সরকারি আইন কর্মকর্তাদের (জিপি) উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক আদর্শ বা পরিচয় বিবেচনায় নিয়ে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়, তবে ক্ষমতার অপব্যবহার করে যারা অপরাধে জড়িয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। সরকারি আইন কর্মকর্তাদের সততা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই অসচ্ছল, তাই তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ যেন আইনি লড়াইয়ে গিয়ে হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

মাদক ও অনলাইন জুয়াকে সমাজের জন্য ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে এসব নেশা থেকে রক্ষা করা এখন জরুরি। অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে সহজেই জামিন না পায়, সে জন্য মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, মাদকাসক্তি একটি পরিবার ও রাষ্ট্রের জন্য চরম ক্ষতিকর, আর অনলাইন জুয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের উপার্জনের বড় অংশ কেড়ে নিচ্ছে, যা তাদের পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা নাসিম হোসাইন, এমদাদ হোসেন চৌধুরী এবং পিপি আশিক উদ্দিন ও মমিনুল ইসলাম মমিনসহ অনেকে বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী সিলেট নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুরে চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।