মোবাইল কোর্টের স্বচ্ছতা বাড়াতে ভিডিও ধারণ ও মিডিয়া সেল গঠনের নির্দেশ

মোবাইল কোর্টের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। মোবাইল কোর্টের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করা বাধ্যতামূলক করা হয়েছে। ধারণকৃত ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা ও সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করতে হবে। এছাড়া আপিল আদালতে সরকারপক্ষে মামলা পরিচালনার জন্য নির্দিষ্ট আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় নথিপত্র জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে অবহিত করবেন। আপিল মামলার শুনানির জন্য প্রয়োজনীয় নথি, কাগজপত্র ও প্রযোজ্য ক্ষেত্রে ভিডিও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কার্যক্রম সমন্বয় করবেন।

জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করতে বলা হয়েছে। মালামাল গ্রহণ ও হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত রেজিস্টার সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট সহকারী কমিশনার প্রতিটি এন্ট্রিতে স্বাক্ষর করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে তা যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল বা দ্রুত বিনষ্টযোগ্য মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুসরণ করে নিষ্পত্তির নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রশাসনিক কার্যক্রম সহায়তায় প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।

জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মনোনীত অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই সেলের আহ্বায়ক হবেন। এছাড়া জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন এবং জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। এই মিডিয়া সেল মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রচারের ব্যবস্থা নেবে। সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এসব তথ্য প্রচার করা যাবে। প্রয়োজনে কারিগরি সেবা ক্রয় করা যাবে এবং এ সংক্রান্ত ব্যয় সরকারি বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত এই পরিপত্র জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ীও দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে। সূত্র: বাসস।