বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কোলেট ক্রেস। ৫৯ বছর বয়সী ক্রেস এতদিন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং দীর্ঘ প্রায় তিন দশক নেতৃত্ব দেওয়ার পর সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত হিসেবে ক্রেসকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন স্থায়ী সিইও না পাওয়া পর্যন্ত তিনি কোম্পানির নেতৃত্ব দেবেন।
ক্রেসের এই নিয়োগ কেবল একটি পদ পরিবর্তন নয়, বরং এনভিডিয়ার ব্যবসায়িক কৌশলে আর্থিক শৃঙ্খলা ও ভারসাম্যের নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের উচ্চাভিলাষী পরিকল্পনা ও ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের বিপরীতে ক্রেস সবসময় আর্থিক সতর্কতা বজায় রাখার পক্ষে ছিলেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শত শত কোটি ডলারের বিনিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অর্থায়ন চুক্তি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল। এনভিডিয়ার অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে ক্রেসকে একটি গুরুত্বপূর্ণ ‘ভারসাম্য রক্ষাকারী’ হিসেবে বিবেচনা করা হতো, যিনি বড় ধরনের সম্প্রসারণ পরিকল্পনার সময় আর্থিক ঝুঁকির দিকটি সামনে আনতেন।
এনভিডিয়া এআই চিপের বাজারে হুয়াংয়ের নেতৃত্বে একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও সাম্প্রতিক বছরগুলোতে ওপেনএআই ও ল্যামডার মতো প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি নিয়ে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্পে প্রাথমিকভাবে ২৫ হাজার কোটি ডলার সহায়তার পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনা হয়, যা ক্রেসের আর্থিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মনে করা হয়।
২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে ক্রেস মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন। তাকে হুয়াংয়ের তুলনায় অনেক বেশি শান্ত ও বাস্তববাদী হিসেবে বর্ণনা করা হয়। ক্রেসের এই অন্তর্বর্তীকালীন নিয়োগ বাজারে সাময়িক স্বস্তি ফিরিয়েছে। তবে বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীদের অনেকের ধারণা, একজন অর্থ কর্মকর্তা হিসেবে ক্রেসের পক্ষে হুয়াংয়ের মতো প্রযুক্তিগত দূরদর্শিতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা বজায় রাখা কঠিন হতে পারে। মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান বিশ্লেষক আনশেল সাগ বলেন, বাজারকে শান্ত রাখতে ক্রেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া যুক্তিসংগত। তবে এনভিডিয়ার শেয়ারের দর সাময়িকভাবে প্রায় ১৪ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল।
কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, স্থায়ী সিইও নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এনভিডিয়ার নির্বাহী ইয়ান বাক, এএমডির সিইও লিসা সু এবং আর্মের সিইও রেনে হাসের নাম শোনা যাচ্ছে। এছাড়া হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কিছু অভিযোগ ও চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে চিপ বিক্রির তদারকি নিয়ে ক্রেসকে মার্কিন কংগ্রেসে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
ব্যক্তিগত জীবনে দুই ছেলের উৎসাহে ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন ক্রেস। ২০২৩ সালে ইসরাইলের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ক্রেস বলেন, তখন তার দুই ছেলে বেশ ছোট ছিল। ভিডিও গেম খেলার সুবাদে তারা এনভিডিয়ার প্রতি আগ্রহী ছিল। অর্থনীতিতে স্নাতক ও এমবিএ ডিগ্রিধারী এই নারী এনভিডিয়ার শেয়ার মূল্যের বৃদ্ধিতে ২০২৫ সালে বিলিয়নেয়ারের তালিকায় জায়গা করে নেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তার সম্পদের পরিমাণ ছিল ১২০ কোটি ডলার এবং তিনি যুক্তরাষ্ট্রে নিজ যোগ্যতায় ধনী হওয়া নারীদের তালিকায় ৫০ জনের মধ্যে ১৬তম এবং বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় ৩২তম স্থানে নিয়মিত স্থান পেয়ে আসছেন।

