কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে সাগরে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

বিশ্বের দ্রুততম যাত্রীবাহী জাহাজ হিসেবে খ্যাত ঐতিহাসিক এসএস ইউনাইটেড স্টেটস এখন সাগরের তলদেশে। প্রায় এক হাজার ফুট বা ৩০২ মিটার দীর্ঘ এই জাহাজটিকে ফ্লোরিডা উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। মূলত কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির লক্ষ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা সামুদ্রিক প্রাণীর নতুন আবাসস্থল গড়ে তোলার পাশাপাশি ডুবোজাহাজ দেখতে আসা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

গত বুধবার সম্পন্ন হওয়া এই ‘স্কাটলিং’ প্রক্রিয়ায় প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। জাহাজটিকে সাগরের তলদেশে স্থায়ীভাবে রাখার জন্য আগেই ভেতরের বিভিন্ন অংশ সরিয়ে ফাঁপা করা হয়েছিল। শেষ মুহূর্তে জাহাজটি একপাশে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে তলিয়ে যায়। ওকালুসা কাউন্টি কর্তৃপক্ষ ২০২৪ সালে ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেওয়ার পর পরিবেশের জন্য নিরাপদ করতে প্রায় এক বছর ধরে সব ধরনের মানদণ্ড অনুসরণ করে প্রস্তুতিমূলক কাজ পরিচালনা করেছে।

১৯৫২ সালে যাত্রা শুরু করা এসএস ইউনাইটেড স্টেটস তার সময়কার টাইটানিকের চেয়েও বড় ছিল এবং গতি, শক্তি ও বিলাসিতার জন্য সমাদৃত ছিল। প্রথম সমুদ্রযাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জাহাজটি মাত্র তিন দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে পৌঁছানোর রেকর্ড গড়ে, যার গড় গতি ছিল ঘণ্টায় ৩৫ দশমিক ৫৯ নট বা প্রায় ৬৬ কিলোমিটার। আজ পর্যন্ত যাত্রীবাহী কোনো জাহাজ এই রেকর্ড ভাঙতে পারেনি।

দীর্ঘ ১৭ বছরের কর্মজীবনে এই জাহাজে জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডুইট আইজেনহাওয়ারের মতো মার্কিন প্রেসিডেন্টরা ভ্রমণ করেছেন। এ ছাড়া মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর, মারলন ব্র্যান্ডো, সালভাদর দালি ও ডিউক এলিংটনের মতো বিশ্বখ্যাত তারকারাও এর যাত্রী ছিলেন। তবে আকাশপথের জনপ্রিয়তায় ১৯৬৯ সালে এর বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে ফিলাডেলফিয়া বন্দরে নোঙর করা অবস্থায় জাহাজটির রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সি তা বহন করতে ব্যর্থ হয়। ২০২১ সালে নোঙর খরচ দৈনিক ১ হাজার ৭০০ ডলারে উন্নীত হওয়ার পর অবশেষে ওকালুসা কাউন্টি এটি কিনে নিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করল। কর্তৃপক্ষের মতে, এই প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী, যা মাছ ধরার শিল্প ও পর্যটন খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে।

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে জাহাজটি নির্মাণ করা হয়। ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার) দীর্ঘ টাইটানিকের চেয়েও বড় ছিল এসএস ইউনাইটেড স্টেটস। গতি, শক্তি ও বিলাসবহুল ব্যবস্থার জন্য জাহাজটি পরিচিত ছিল।