রমজানে নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমানোর লক্ষ্যে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির (ইউসেন্স) বিশেষ সুবিধা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা এখন থেকে পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানিমূল্য পরিশোধ করার সুযোগ পাবেন।

নতুন এই নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়ীরা সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে পণ্যগুলো আমদানি করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, রমজানে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ যেন তৈরি না হয়, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, আগেভাগে পণ্য আমদানির সুযোগ থাকলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। রমজানকে সামনে রেখে সেই সুযোগটি সম্প্রসারণ করে এই গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকে উদ্যোগ গ্রহণ করলে বাজারে পণ্যের ঘাটতি তৈরি হবে না এবং মূল্যবৃদ্ধির চাপ কমানো সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।