প্রায় চার বছর আগে রাজধানীর মধ্য বাড্ডায় সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় গাড়িচালক হৃদয় বেপারী ওরফে হৃদয় মিঞাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন চৌধুরী এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।
নিহত আফরোজা সুলতানা সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস বিভাগে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৩ মার্চ বাড্ডার নিজ ফ্ল্যাটে তাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করেন ডিবি গুলশান জোনের উপ-পরিদর্শক মো. রিপন উদ্দিন।
তদন্ত প্রতিবেদনে উঠে আসে যে, আসামি হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বিপুল পরিমাণ অর্থ হারিয়ে ঋণী হয়ে পড়েছিলেন। এই দেনা পরিশোধের উদ্দেশ্যে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের পরিকল্পনা করেন তিনি। ঘটনার দিন আফরোজাকে একা পেয়ে তিনি চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন। আসামির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলের অদূরে মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা চাকু, ২২.০৪ গ্রাম ওজনের লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু পেপার এবং ৬০০ টাকাসহ ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।

