সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১১ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম) রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত উদ্ভূত পরিস্থিতি এবং যাত্রীদের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত থাকলেও অন্যান্য রুটে চলাচল স্বাভাবিক থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সময়সূচি ও সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
ভ্রমণসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য বা টিকিটের বিষয়ে বিস্তারিত জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

