রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান টেকসই প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দফতরে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

বৈঠকটিতে মিয়ানমারের বর্তমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বর্তমানে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপের সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।