কর্মস্থলে অনুপস্থিতির দায়ে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া চার চিকিৎসক হলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী এবং সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বাগেরহাট এবং ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় ওই চার চিকিৎসককে কোনো ধরনের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু হলে অভিযোগের গুরুত্ব, তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা এবং দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে। সেই অনুযায়ী, গত ২৭ জুলাই থেকে এই চার চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।