পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডিশনাল আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) ঢাকায় সিআইডি সদর দপ্তরে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছিল।
নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআই-এ দায়িত্ব পালনকালীন সময়েই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকে প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি পেশাদারিত্ব ও সততার সঙ্গে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে এবং পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব, পুলিশ হেডকোয়ার্টার্স এবং বিভিন্ন রেঞ্জে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তদন্ত, গোয়েন্দা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। শিক্ষাজীবনে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই কর্মকর্তা যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। আধুনিক পুলিশিং, তদন্ত এবং ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনে তিনি মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

