হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ পৌর এলাকায় পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ সংক্রান্ত আদেশ জারি করেন।

জানা গেছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দিয়েছিল। একই সময়ে এবং একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়।

জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে, উভয় পক্ষের কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিঘ্নিত হওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। জনস্বার্থে পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

১৪৪ ধারা কার্যকর থাকা অবস্থায় হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা তার অধিক লোকের সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, শ্লোগান, পিকেটিং এবং যেকোনো প্রকার বিকট শব্দ তৈরি বা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।