পূর্বঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ভর্তি কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পরিচালকরা।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের অধীন কয়েকটি বিভাগের ভর্তি যোগ্যতার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এর আওতায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে।

গত ৩১শে অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষার আবেদনের সুযোগ পাবেন, যাদের ফল আগামী ২৩শে নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ভর্তির আবেদনের শেষ তারিখ ২৫শে নভেম্বর ২০২৬ বহাল রাখা হয়েছে।

অনলাইন আবেদন আগামী ১১ই নভেম্বর দুপুর ১২টায় শুরু হবে এবং ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯শে ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।