বয়স বাড়ার সঙ্গে শরীরে তিল বাড়ে কেন? এটি কি ভয়ের কিছু?

অনেকের মনেই প্রশ্ন জাগে, যেকোনো বয়সে নতুন তিল ওঠা কি স্বাভাবিক? নাকি ছোট একটি তিলের আড়ালে লুকিয়ে থাকতে পারে কোনো মারাত্মক সমস্যা? হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম জানান, শিশু জন্মের সময় শরীরে এক বা একাধিক তিল নিয়ে জন্মাতে পারে, আবার কারও ক্ষেত্রে জন্মের সময় কোনো তিল নাও থাকতে পারে। শৈশব ও কৈশোরে তিলের সংখ্যা বাড়া খুবই সাধারণ বিষয়, তবে জীবনের যেকোনো পর্যায়েই নতুন তিল দেখা দিতে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় তিলের রং মলিন হয়ে যায়, এমনকি কারও কারও তিল পুরোপুরি উধাও হয়ে যেতে পারে। আবার নারীদের গর্ভকালীন সময়ে শরীরে আগে থেকে থাকা তিলগুলো আরও গাঢ় রঙের হয়ে উঠতে পারে। এসবই স্বাভাবিক শারীরিক পরিবর্তন। বয়সের সঙ্গে শরীরে তিল কেন বাড়ে, তার সুনির্দিষ্ট কারণ বিজ্ঞানীদের কাছে এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে সূর্যরশ্মির সংস্পর্শে থাকা এবং জিনগত কারণকে এর পেছনে বড় ভূমিকা পালনকারী হিসেবে মনে করা হয়। বাবা-মায়ের পিঠে অনেক তিল থাকলে সন্তানদের মধ্যেও এই বৈশিষ্ট্য দেখা দিতে পারে, যা জীবনের বিভিন্ন ধাপে ধাপে প্রকাশ পায়।

কেবল তিলের সংখ্যা বাড়লে ভয়ের কিছু নেই। যদি এটি কারো কাছে সৌন্দর্যহানিকর মনে হয়, তবে বিশেষজ্ঞের পরামর্শে অপসারণ করা সম্ভব। ত্বকের চেয়ে উঁচু তিল বা তিলের ওপর থেকে চুল গজালেও ভয়ের কারণ নেই। তিল অপসারণ করা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে কোনো বাধ্যতামূলক বিষয় নয়, এটি পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

তবে কিছু বিশেষ লক্ষণের দিকে নজর রাখা জরুরি, যা কখনো কখনো ক্যানসারের উপসর্গ হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিলের প্রান্ত এবড়োখেবড়ো হওয়া, আগে থেকে থাকা তিলের আকার বা আকৃতি বদলে যাওয়া, রঙের আমূল পরিবর্তন হওয়া (মলিন বা গাঢ় হওয়ার বাইরে), একটি তিলে একাধিক রঙের উপস্থিতি, তিলে ব্যথা বা চুলকানি হওয়া, তিল থেকে রক্তক্ষরণ, তিলের জায়গা ফুলে লাল হওয়া, চামড়া উঠে গিয়ে ক্ষত হওয়া অথবা কয়েক সপ্তাহেও সারে না এমন যেকোনো অস্বাভাবিক দাগের ক্ষেত্রে সতর্ক হতে হবে।

এমন উপসর্গ দেখলেই ক্যানসার হয়েছে ভেবে আতঙ্কিত হওয়া উচিত নয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডার্মোস্কোপি বা বায়োপসির মাধ্যমে রোগ নির্ণয় করবেন। যে কোনো সমস্যাই দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিলে তা সহজেই সেরে যায়।