ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে আয়োজিত আলোচনায় এখন পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি অর্জিত হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সমঝোতার কাছাকাছি পৌঁছানোর মতো কোনো লক্ষণও বর্তমানে দৃশ্যমান নয়। তার মতে, ইরানের পক্ষ থেকে উত্থাপিত কিছু দাবি অগ্রহণযোগ্য এবং কোনো কোনো ক্ষেত্রে সেগুলো আপত্তিকর ও অযৌক্তিক।
ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন দেশ নানা প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এখন পর্যন্ত এসব কূটনৈতিক উদ্যোগে উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি।
রুবিও বলেন, আলোচনার অগ্রগতির বিষয়ে তার কাছে কোনো ইতিবাচক খবর নেই। বিভিন্ন দেশ নানা ধারণা নিয়ে কাজ করলেও সমঝোতার কোনো দ্বারপ্রান্তে তারা নেই বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চান, যদিও দুর্ভাগ্যজনকভাবে সবসময় তা সম্ভব হয়ে ওঠে না।
যুক্তরাষ্ট্র সমঝোতার সুযোগ থাকলে তা অবশ্যই খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করেছেন রুবিও। তবে বর্তমান পরিস্থিতিতে আলোচনা ফলপ্রসূ হচ্ছে না। প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে তিনি এসব মন্তব্য করেন।

