ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশান সনদ ইস্যুর অভিযোগ

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ থেকে একই পরিবারের নামে দুটি পৃথক ওয়ারিশান সনদ ইস্যু করা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নতুন একটি সনদে জীবিত এক ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো হয়েছে। ভুক্তভোগী ব্যক্তির দাবি, তাঁকে ‘আজগর আলী’ নামে মৃত দেখিয়ে তাঁর ভাইয়েরা জমি নিজেদের নামে খারিজ করে নিয়েছেন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত রয়েছেন।

ইউনিয়ন পরিষদের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ভুবন গোলাম রসুলের পরিবারের নামে একটি ওয়ারিশান সনদ দেন। তাতে চার ছেলে ও তিন মেয়ের নাম উল্লেখ ছিল। কিন্তু পরবর্তীতে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান প্যানেল চেয়ারম্যান সিমলা রানী একই পরিবারের নামে আরেকটি সনদ ইস্যু করেন। এই দ্বিতীয় সনদে সন্তানসংখ্যা বাড়িয়ে পাঁচ ছেলে ও তিন মেয়ে দেখানো হয় এবং আজগর আলী নামের এক সদস্যকে মৃত বলে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আজিজুর রহমানের দাবি, আজগর আলী ওরফে আজিজুর রহমান মূলত তাঁরই নাম এবং তিনি ওই পরিবারের বড় ছেলে। তাঁর তিন বোনের মধ্যে বড় বোন হাজেরা বেগম মারা গেছেন এবং অপর দুই বোন জীবিত আছেন। চার ভাইয়ের নাম আনোয়ারুল হক, মাশারুল হক, আমিরুল ইসলাম ও তিনি নিজে। তিনি স্পষ্ট জানান, আজগর আলী নামে আলাদা কোনো ভাই তাঁদের ছিল না। তাঁর একক নামকে ভেঙে দুই ভাগ করে নতুন একজনের ভুয়া পরিচয় তৈরি করে তাঁকে কাগজপত্রে মৃত দেখানো হয়েছে।

আজিজুর রহমান আরও জানান, তাঁর বাবা গোলাম রসুল জীবদ্দশায় ‘আজগর আলী ওরফে আজিজুর রহমান’ নামে তাঁর জন্য জমি কিনেছিলেন, যা পরবর্তীতে শুক্রা শীলের কাছে বিক্রি করা হয়। জমিটি কোনো পৈতৃক সম্পত্তি নয়। কিন্তু জাল সনদ তৈরি করে সেই জমিটি ভাইয়েরা নিজেদের নামে খারিজ করে নিয়েছেন। প্রতারণার বিষয়টি জানতে পেরে তিনি প্যানেল চেয়ারম্যান সিমলা রানীকে নিজের জীবিত থাকার বিষয়টি জানান। প্যানেল চেয়ারম্যান তাঁর বাড়িতে এসে তাঁকে জীবিত দেখে সনদ সংশোধনের আশ্বাস দিলেও তা এখনো করা হয়নি। তিনি বারবার যোগাযোগ করলে ‘আজ করব, কাল করব’ বলে সময়ক্ষেপণ করা হচ্ছে।

অন্যদিকে আজিজুর রহমানের তিন ভাই আনোয়ারুল হক, মাশারুল হক ও আমিরুল ইসলাম জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, তাঁরা মূলত পাঁচ ভাই ছিলেন। তাঁদের এক ভাই আজগর আলী শৈশবে কালাজ্বরে আক্রান্ত হয়ে আনুমানিক ৯ থেকে ১০ বছর বয়সে মারা যান। আজিজুর রহমানের আনা অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তাঁরা।

তবে স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, ছোটবেলা থেকে তাঁরা ওই পরিবারটিকে চার ছেলে ও তিন মেয়ের পরিবার হিসেবেই চিনে আসছেন। সম্প্রতি পাঁচ ছেলের কথা শুনেছেন। ‘আজগর আলী ওরফে আজিজুর রহমান’ নামে তাঁরা একজনকেই চেনেন এবং তিনি বর্তমানে জীবিত। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের দাবি জানান তাঁরা।

আকচা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব জানান, ছোটবেলা থেকে তিনিও পরিবারটিতে চার ভাই ও তিন বোন বলে জানতেন। প্যানেল চেয়ারম্যানও পূর্বে একই বিষয়টি জানতেন। যথাযথ যাচাই-বাছাই না করে নতুন সনদ ইস্যু করা হতে পারে। স্থানীয় ইউপি সদস্য বিজয় চন্দ্র জানান, আগের চেয়ারম্যানের দেওয়া সনদের বিষয় তাঁর জানা থাকলেও প্যানেল চেয়ারম্যানের দেওয়া নতুন সনদ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে আজগর আলী ও আজিজুর রহমান একই ব্যক্তি এবং তিনি এখনো জীবিত।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান সিমলা রানী বলেন, ৫ নম্বর ওয়ার্ডে আজগর আলী নামে একজন জীবিত ব্যক্তি রয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা একটি মৃত্যু সনদ এনে ওয়ারিশান সনদ নেন। তাঁর ধারণা ছিল ওই পরিবারে চার ভাই ছিলেন, যার মধ্যে আজগর আলী নামে একজন রয়েছেন। তবে আবেদনে পাঁচ ভাই উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে তিনিও সন্দিহান রয়েছেন বলে স্বীকার করেন।